জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম
বরিশাল জেলার ছয়টি আসনে কঠোর নিরাপত্তা বলয়ে উৎসবমূখর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সময় জুড়ে চলবে গণভোটও।
জেলার ছয়টি আসনে সুষ্ঠু, সুন্দর ও উৎসব মূখর পরিবেশে নিবার্চন সম্পন্ন করতে প্রশাসনের বিভিন্নস্তরের সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে নিয়েছেন জেলা রির্টানিং অফিসার খায়রুল আলম সুমন।
এছাড়াও বিদেশী পর্যবেক্ষক ও সহস্রাধিক সাংবাদিককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কার্ড প্রদান করেছেন জেলা রিটানিং অফিসার।
নগরীর একাধিক ভোট কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে নিজ নিজ এলাকার ভোটরগণ ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হতে শুরু করেন। প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রের পরিবেশ শৃঙ্খলা সুষ্ঠু রাখতে কাজ করছেন। ভোটারদের নানাভাবে সহযোগিতা করছেন।
বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সূত্রে জানা গেছে, তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরির মাধ্যমে ভোটকেন্দ্র ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার ও র্যাবের সমন্বয়ে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় এই নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, বরিশাল জেলা পুলিশের অধীনে সাধারণ কেন্দ্রে দুইজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। জেলায় সর্বমোট ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্যর পাশাপাশি ৯৯টি মোবাইল টিম এবং ১২টি স্ট্রাইকিং টিম কাজ করছে। বরিশাল জেলার প্রতি উপজেলায় গড়ে ১০০ জন ও মেট্রোপলিটন এলাকায় ৪০০ জন করে সেনা সদস্য অবস্থান করবেন। এছাড়া প্রতি দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য একটি করে সেনা পেট্রোল টিম কাজ করছে। পাশাপাশি বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্নস্থানে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বরিশাল সদরে পাঁচ প্লাটুন ও বাকি নয়টি উপজেলায় নয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। র্যাবের পক্ষ থেকে ছয়টি বিশেষ পেট্রোল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, ভোট কেন্দ্রের অবস্থান বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষায় বিভাগকে তিনটি জোনে বিভক্ত করে নজরদারি বাড়ানো হয়েছে। দুর্গম এলাকার জন্য আমরা হেলিকপ্টার প্রস্তুত রেখেছি। এছাড়া উপকূলীয় অঞ্চলের বিচ্ছিন্ন এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ অন্যান্য সকল বাহিনীর সমন্বয়ে ফোর্স গঠন করা হয়েছে। আমরা নির্বিঘ্ন ও নিরাপদ ভোট কার্যক্রম শেষ করতে বদ্ধপরিকর।
জেলা রির্টানিং অফিসার খায়রুল আলম সুমন বলেন, জেলার ছয়টি আসনে সুষ্ঠু, সুন্দর ও উৎসব মূখর পরিবেশে নিবার্চন শুরু হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা কঠোর অবস্থানে আছি।
তথ্যানুযায়ী বরিশালের ছয়টি আসনের ৩৫ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে আছেন। বরিশাল জেলায় মোট ২২ লাখ ৮৪ হাজার ৯৪৮ ভোটার আজ ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।
প্রতিনিধি/টিবি