নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ এএম
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে উদ্ধার করা টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। বুধবার রাতে তাঁকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
এর আগে দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১–এ চিকিৎসা নেন তিনি। পরে সেখান থেকে তাঁকে পরিবারের কাছে পাঠানো হয়।
আরও পড়ুন: নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে: জামায়াত
হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ-১)–এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন বলেন, তাঁকে বুধবার বিকেলে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বেলাল উদ্দিন ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গণনা করে সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।
আরও পড়ুন: নির্বাচনের প্রাক্কালে আমিরকে আটক ‘গভীর ষড়যন্ত্র’: দেলাওয়ার
জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির সংবাদ সম্মেলনে বলেন, আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের এটি নিশ্চিত করেছে। তিনি এখন গুরুতর অসুস্থ। তার চিকিৎসা চলছে। তিনি সুস্থ হলে আমরা পুরো বিষয়টি জানতে পারবো।
এক প্রশ্নের জবাবে রংপুর জেলা জামায়াতের আমির বলেন, প্রশাসনের একটি অংশের সহযোগিতায় ও মিডিয়া সারা দিন ধরে আমাদের দলের মর্যাদা ক্ষুণ্ন করতে দিনব্যাপী মিথ্যা অপপ্রচার চালিয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।
বেলাল উদ্দিন ঠাকুরগাঁও পৌরশহরে অবস্থিত সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
এআর