images

সারাদেশ

নির্বাচন ও গণভোট সামনে রেখে হবিগঞ্জে জিওসি-১৭ পদাতিক ডিভিশনের মতবিনিময়

জেলা প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিদর্শন করেছেন জিওসি-১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি হবিগঞ্জে পৌঁছান। এ উপলক্ষে হবিগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সব দফতরের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

‘পিরোজপুরে ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে’

এ সময় মেজর জেনারেল মো. আলীমুল আমিন নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জনসাধারণের আস্থা অটুট রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফীন, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ইউএনও, ওসি এবং সংশ্লিষ্ট দফতরের প্রধানরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই পরিদর্শনের ফলে হবিগঞ্জ জেলায় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

প্রতিনিধি/এসএস