জেলা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহাজ শিরীন বলেন, ওরা যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য ভণ্ডামি শুরু করেছে। ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে বাংলাদেশকে বাঁচানো যাবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা সরকারি ডিগ্রি কলেজ মাঠে পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় শিরিন আরো বলেন, আমরা জানি জামায়াত মানে পাকিস্তানি। ওরা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়। ওরা স্বাধীনতায় বিশ্বাস করে নাই। ওরা স্বাধীনতার বিরোধিতা করেছে। ওরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জাতীয় পতাকা, শহীদের রক্ত এগুলো ওরা বিশ্বাস করে না।
বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, আমার নেতা জনাব তারেক রহমান ৩১ দফার কথা বলেছে, বাংলাদেশের কথা বলেছে। আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন।

ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য নেতারা।
এ সময় পিরোজপুর -১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণসহ এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধিসহ নানান প্রতিশ্রুতি তুলে ধরেন।
প্রতিনিধি/এসএস