images

সারাদেশ

‘মিথ্যা অভিযোগে’ জরিমানা, প্রতিবাদে জনতার দলের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

লালমনিরহাটে জনতার দলের কর্মীর বিরুদ্ধে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জনতার দল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল অভিযোগ করে বলেন, লালমনিরহাট–২ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের কর্মীরা পরিকল্পিতভাবে জনতার দলের এক কর্মীর বিরুদ্ধে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তোলে। মিথ্যা অভিযোগের ভিত্তিতে ওই কর্মীকে আটক করে রাখা হয় এবং পরে প্রশাসনকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১১

তিনি বলেন, মিথ্যা ও সাজানো সাক্ষ্যের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত ওই কর্মীকে দুই হাজার টাকা জরিমানা করে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার ফল। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কর্মী রবীন্দ্রনাথ, জনতার দলের আদিতমারী উপজেলা সভাপতি মোজাম্মেল মাস্টারসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস