images

সারাদেশ

চুরি করতে গিয়ে জনতার হাতে অস্ত্রসহ যুবদল কর্মী আটক

জেলা প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে চুরি করতে গিয়ে অস্ত্রসহ ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটে।

কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ওমর ফারুক বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে কবিরাজ বাড়ির সামনে সুমন নামের এক ব্যক্তির বসতঘরে ডাকাতির চেষ্টা চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ফারুক ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফারুককে অস্ত্রসহ হাতেনাতে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অন্য তিনজন সহযোগী পালিয়ে যায়।

কোম্পানিগঞ্জ থানা পুলিশের ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, চুরি করার সময় সাধারণ মানুষ তাদের উপস্থিতি টের পেয়ে একজনকে আটক করে। এ সময় অন্য তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় চুরি ও অস্ত্র আইনে মামলা হবে।

প্রতিনিধি/টিবি