images

সারাদেশ

‎মাদারীপুরে মাদক ও চুরি করা সরঞ্জামসহ আটক ৪

জেলা প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

মাদারীপুরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ও চুরি করা সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প হতে এই অভিযান পরিচালনা করা হয়।

পরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম সারজিল।

‎আটকরা হলেন—মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদের মো. তাজুল বেপারীর ছেলে মো. দীপু বেপারী, পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে মো. সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মো. ফোরকান সরদার ও হাজরাপুর গ্রামের মো. টুকু খানের ছেলে মো. রানা খান। আটকরা মাদারীপুরের চিহ্নিত ইয়াবা ও চোর চক্রের সদস্য।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে ১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চ লাইট, ৩টি অটোমেটিক চাকু, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ১টি হাত দা, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি ও ৪টি সাউন্ড বক্স রয়েছে। ‎আটকদের বিরুদ্ধে মামলা হলে মাদারীপুর সদর থানার হস্তান্তর করা হয়।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বিশেষ করে যুবসমাজ মাদকের কারণে শিক্ষা, কর্মজীবন ও নৈতিকতা থেকে বিচ্যুত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করা এবং পরিবারে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোই পারে মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে।

প্রতিনিধি/টিবি