জেলা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
রংপুর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করা হয়েছে। রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১১৯ জন পোস্টাল ভোট দিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত পোস্টালে ভোট দেওয়ার সংখ্যা এক হাজারের কম। তবে নির্বাচন অফিস বলছেন, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট দেওয়ার সময় রয়েছে। পোস্টাল ভোটারের সংখ্যা বাড়বে।
এদিকে রংপুর জেলায় মোট ২৩ হাজার ৫৬৭ জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী জানান, রংপুর কেন্দ্রীয় কারাগারে হাজতি-কয়েদি মিলে ১০৪৩ বন্দি রয়েছেন। সেখানে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ১১৯ জন। এদের মধ্যে হাজতি এবং কয়েদি রয়েছে। নিবন্ধিত হাজতি ও কয়েদিদের জন্য পোস্টাল ভোট ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে, আগামীকাল ৫ ফেব্রুয়ারি শেষ হবে। এই তিনদিনের জন্য কারাগারে পোস্টাল ভোট গ্রহণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ২৩ হাজার ৫৬৭ জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। নিবন্ধিতরা হলেন, প্রবাসী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারের কয়েদি-হাজতি রয়েছেন। যারা নিবন্ধিত হয়েছে তারা আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোট দিতে পারবেন। এর আগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন তারা। গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। পরে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হয়।
প্রতিনিধি/ এজে