ফেনীতে এসএ পরিবহনের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, কসমেটিক্স, আতশবাজি ও বস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের এসএ পরিবহনের গুদামে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
গ্রেফতার ম্যানেজারের নাম মো. আতিকুর রহমান (৩৭)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫) নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসএ পরিবহনের গুদামে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ এবং বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪ লক্ষ ৫৫ হাজার ৪০০ টাকা।
ফেনীস্থ বিজিবির অধিনায়ক লে.দ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের ফেনী সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, এসএ পরিবহণ থেকে ভারতীয় মালামাল জব্দের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতার ২ ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/এজে

