জেলা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ আসনের বিএনপিকে সমর্থন দিয়ে প্রকাশ্যে এসেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের নির্বাচনি উঠান বৈঠক আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে এ সমর্থন দেন। এ সময় তাদের অযথা হয়রানি না করার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী।
এদিকে স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের নেতা কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন জানিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানা৷ সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতারা ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান।
আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, ফাহিমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর ও নেতৃবৃন্দ৷

এ সময় বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, আমাদের আগামীর রাষ্ট্র নায়ক আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ৷ তাই আমরা বলব, সবার আগে শিবচর। এর কারণ প্রতিটি গ্রাম, উপজেলা, জেলা নিয়ে বাংলাদেশ। আমরা ঠিক করেছি সবার আগে শিবচর৷ এক ও ঐক্যবদ্ধভাবে চলব। ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না। কে কোন দল করল সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো, আমরা সবাই মানুষ।

বিএনপি প্রার্থী আরও বলেন, আগামীতে কারও নামে কোনো মিথ্যা মামলা থাকবে না। নির্বাচনের পর আপনাদের কোনো অযথা হয়রানি করা হবে না। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ৷ আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়ব।
প্রতিনিধি/এসএস