জেলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে জাতীয় গণতান্ত্রিক দল সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘সাথে থাকলে সঙ্গী, আর পাশে না থাকলে জঙ্গি- এটাই কি রাজনীতির নীতি?’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে এক নির্বাচনি সভায় তিনি একথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ‘বিএনপি ও জামায়াত যখন একসাথে ঐক্যবদ্ধ ছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন যে, যুদ্ধাপরাধীর নামে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হচ্ছে। অথচ এখন জামায়াতকে নিয়ে সম্পূর্ণ বিপরীত বক্তব্য দিচ্ছেন।’
তিনি বলেন, ‘বয়সের কারণে বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল অনেক সময় ভুলভাল কথা বলেন- এটা আমরা বুঝতে পারি। কখনো বলেন জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান হবে, আবার কিছুদিন আগে বলেছিলেন পাকিস্তান হয়ে যাবে। একেক সময় একেক কথা বলেন।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আগের সময়েও বাংলাদেশের মানুষ আফগানিস্তান, পাকিস্তান বা অন্য কোনো দেশের মতো হতে চায়নি। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনেও পালিয়ে যেতে চায় না। আমরা বাংলাদেশকে একটি সোনার দেশে পরিণত করতে চাই।’
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনকে নিয়ে রাশেদ প্রধান বলেন, ‘দেলোয়ার হোসেন উড়ে এসে জুড়ে বসেননি। জীবনের পাঁচ বছরের বেশি সময় তিনি জেলখানার অন্ধকার কক্ষে কাটিয়েছেন। রিমান্ডের নামে টানা ৫০ দিনের বেশি নির্যাতন সহ্য করেছেন।’
এএম