জেলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য ইতিহাস বিকৃতির শামিল। একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যে দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে— এটি অস্বাভাবিক নয়। ইতিহাস বিকৃত করাই তাদের স্বভাব। তিনি বলেন, জনগণ জানে কারা স্বাধীনতার পক্ষে ছিল এবং কারা ছিল না।
তিনি বলেন, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে প্রতারণামূলকভাবে নিজেদের অবস্থান প্রমাণের চেষ্টা করছে, যা প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই মেনে নেবেন না।
তিনি আরও বলেন, জামায়াতের প্রস্তাবিত নারী কর্মঘণ্টা কমানোর পরিকল্পনা নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের পরিপন্থি। তিনি প্রশ্ন তোলেন, যেখানে একজন নারী প্রার্থীও তারা মনোনয়ন দেয়নি, সেখানে নারীর ক্ষমতায়নের কথা কীভাবে বলে?
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ দেশের নিরাপত্তা, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত।
এ সময় কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামে এক জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কিত বক্তব্য দেন। এর প্রতিবাদ জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী দিনে হয়ত এমন দাবিও শোনা যাবে যে, জামায়াতে ইসলামীই নাকি স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠবে।
প্রতিনিধি/এজে