images

সারাদেশ

‘মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না’

জেলা প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কোনো বিশৃঙ্খলার প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল। সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সক্রিয় ও সর্বদা সজাগ রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, মিয়ানমারের অভ্যন্তরে যে পরিস্থিতিই থাকুক, তার প্রভাব আগে যেমন বাংলাদেশে পড়েনি, এবারও পড়বে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। বান্দরবান জেলার ১৬৯ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষার আওতায় রাখা হয়েছে।

94478405-6332-4508-a62b-b84f6a3d867c

জেলার সাতটি উপজেলায় মোট ২১টি বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে। মোতায়েনের তথ্য তুলে ধরে তিনি বলেন, রুমা ও রোয়াংছড়িতে ৯ বিজিবির ৭ প্লাটুন, থানচিতে ৩৮ বিজিবির ৭ প্লাটুন এবং ৫৭ বিজিবির অধীনে লামা ও আলিকদমে ৭ প্লাটুন দায়িত্ব পালন করবে। পাশাপাশি বান্দরবান সেক্টরে ২২টি বেইজ ক্যাম্প থেকেও নির্বাচনি দায়িত্ব পরিচালিত হবে।

আরও পড়ুন

‘ভোটাররা যেন ভয়হীনভাবে ভোট দিতে পারেন, বিজিবি সেটি নিশ্চিত করবে’

বিজিবি সূত্র জানায়, ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রয়েছে। সেক্টর কমান্ডার বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, আর্টিলারি উপঅধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিনিধি/এসএস