জেলা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম
নড়াইল সদর উপজেলায় কালনা-যশোর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক মো. নজরুল মুন্সি (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যশোর-কালনা মহাসড়কের নাকসী মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. নজরুল মুন্সি সদর উপজেলার ভওয়াখালি গ্রামের মৃত গনি মুন্সির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলের দিকে নজরুল মুন্সি নামে ওই ব্যক্তি মোটরসাইকেল যোগে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নাকসী মাদরাসা থেকে নড়াইল শহরে ফিরছিলেন। এসময় পেছন দিক থেকে আসা এক বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিু বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অবগত হয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি