images

সারাদেশ

কর্মবিরতিতে জড়ানোয় চট্টগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলি

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে জড়ানোয় ৪ কর্মচারীকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও আইসিটিতে বদলি করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানান চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, শনিবার (৩১ জানুয়ারি) বন্দরের চিফ পারসোনাল অফিসার স্বাক্ষরিত আদেশে তাদের পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনালে বদলি করা হয়। রোববার তাদের কাজে যোগদান করতে আদেশ করা হয়েছে। এটি বন্দরের রুটিন ওয়ার্ক।

এরা হলেন, বন্দরের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের অডিট সহকারী মোহাম্মদ হুমায়ুন কবীর, নৌ বিভাগের ইঞ্জিন ড্রাইভার মোহাম্মদ ইব্রাহীম খোকন, অর্থ ও হিসাব বিভাগের উচ্চ হিসাব সহকারী আনোয়ারুল আজীম এবং প্রকৌশল বিভাগের খালাসি ফরিদুর রহমান।

এর মধ্যে ইব্রাহীম খোকন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক, হুমায়ুন কবীর একই সংগঠনের প্রচার সম্পাদক, আনোয়ারুল আজীম ও ফরিদুর রহমান বন্দর শ্রমিক দলের সদস্য। তারা এনসিটি বিদেশিদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনকারীদের নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে আবারও এক মাসের জন্য মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ আহার কর্মচারীদের বদলির নিন্দা জানিয়ে বলেন, আমরা অবিলম্বে বদলির সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই। আন্দোলনের কারণে সাপ্তাহিক ছুটির দিনে এ বদলির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্যই কর্তৃপক্ষের উচিত এ সিদ্ধান্ত প্রত্যাহার করা।

তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগে আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের তালিকা করছে বলে সংবাদ আছে। এটা কারো জন্য শুভকর হবে না। এ ধরনের প্রক্রিয়া চলতে থাকলে রোববার কর্মবিরতি শেষে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সূত্র জানায়, আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন করে আসছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল। একই দাবিতে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারণে শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা রয়েছে।

প্রতিনিধি/এসএস