Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটের ৯ বিএনপি নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সিলেটে দলটির ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৫ জন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা। আর অন্য চারজন কানাইঘাটের বিভিন্ন ইউনিটের।

শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।

অন্য পাঁচজন হলেন, কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ২ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমার।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত মামুনুর রশীদ মামুন ওরফে চাকসু মামুনের পক্ষে কাজ করছিলেন।

আরও পড়ুন

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নোমানের পদত্যাগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে আসন সমঝোতার ভিত্তিতে তারা এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন জানিয়েছে।

এ সিদ্ধান্তের বিরোধিতা করে চাকসু মামুন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর নেমে আসে শাস্তির খড়গ। বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।

প্রতিনিধি/এসএস