images

সারাদেশ

নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিজিবি মোতায়েন, টহল শুরু

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত থেকে বিজিবির সদস্যরা চট্টগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম শুরু করেছে।

বিজিবির রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহামুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই বিজিবি মাঠে কাজ শুরু করেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

তিনি জানান, বিজিবির সদস্যরা চট্টগ্রাম জেলার ১৬ সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল শুরু করেছেন। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিবে বিজিবি সদস্যরা।

 

নির্বাচন অফিসের তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার জাতীয়তাবাদি দল-বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি ও জাতীয় পার্টিসহ মোট ২৫টি রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের প্রচারণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। বিজিবি টহল শুরু করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তির হাওয়া বইছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ পেয়ে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে।

প্রতিনিধি/টিবি