জেলা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ০৭:২০ এএম
নড়াইলের কালিয়া উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে গিয়ে মনোজ পাইক (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চনপুর ঘাটে এক চলন্ত ট্রলার থেকে তিনি নদীতে পড়ে গিয়ে নাম নিখোঁজ হন।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোজ পাইক খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে।
নিখোঁজ ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কালুখালীতে মতুয়া সম্প্রদায়ের এক ধর্মীয় সমাবেশে যোগ দিতে ৩৫ জনের এক দলের সঙ্গে এসেছিলেন মনোজ। শুক্রবার দুপুরে খুলনার দিঘলিয়া থেকে অনুষ্ঠান শেষে রাতে ইঞ্জিনচালিত ছোট নৌকায় (ট্রলার) করে দলটি দিঘলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কালিয়া উপজেলার কাঞ্চনপুর শ্মশান এলাকায় পৌঁছালে মনোজ অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে খুলনায় ফিরে যান।
নিখোঁজ মনোজের ভাই সবুজ পাইক জানান, তার ভাই দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ট্রলারে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছেন বলে ধারণা তার। পরে স্বজনরা মুঠোফোনের মাধ্যমে কালিয়া থানা ও বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, খবর পেয়ে আমরা স্থানীয়দের সহায়তায় রাতেই প্রাথমিক তল্লাশি চালিয়েছি। তবে অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করবেন।
প্রতিনিধি/টিবি