images

সারাদেশ

রংপুরে তারেক রহমানের আগমন ঘিরে কানায় কানায় পূর্ণ কালেক্টরেট মাঠ

জেলা প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

দীর্ঘ প্রায় দুই যুগ পর রংপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর রংপুরে আসায় আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে তাকে বরণ করতে নানা প্রস্তুতি নিয়েছে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে কালেক্টর ঈদগাহ মাঠের বিভাগীয় জনসভায় বক্তৃতা করবেন তিনি। তার এই জনসভা ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীসহ উত্তরবঙ্গের মানুষ। কেউ কেউ বলছেন, তারেক রহমানের এই সফর টনিক হিসেবে কাজ করবে এবং ধানের শীষে ভোটদানে ভোটারদের উদ্বুদ্ধ করবে।

বিকেলের আগেই তারেক রহমানের নির্বাচনী বিভাগীয় জনসভাস্থল কালেক্টরেট মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই। নির্বাচনী জনসভার মাঠের আশেপাশও ভরে উঠেছে কর্মী ও সমর্থকদের সরব উপস্থিতির মাধ্যমে। জনসভার মাঠে লাল সবুজের পতাকা, বিএনপির দলীয় পতাকা হাতে হাতে ধানের শীষ উজ্জীবিত নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে। নগরীর কাচারী বাজারের প্রধান সড়কে বিভিন্ন স্থান থেকে বড় মিছিল আসছে মাঠের দিকে। তারেক রহমানের বক্তব্য সরাসরি শোনার জন্য বিভিন্ন মোড়ে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।

picture

বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভা। সভাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাবেন তারেক রহমান

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দলের চেয়ারম্যানের আগমনে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের ভোটার এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং তাঁর কথা শোনার জন্য মানুষ মাঠে উপস্থিত হয়েছে। তারেক রহমানের আসায় এই অঞ্চলে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যেই ঈদগাঁ মাঠে পূর্ণতা পেয়েছে। জনসভা স্থল ছেড়ে পুরো শহর ধীরে ধীরে জনসমুদ্রে রূপান্তরিত হচ্ছে।

এদিকে নির্বাচনি জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম কাজ করছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনসভাস্থল, বিভিন্ন সড়ক এবং নগরীর প্রবেশ মুখে পোষাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

picture

রংপুর বিভাগীয় জনসভায় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখবেন বিএনপির রংপুরের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন। এরপর তিনি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

এআর