images

সারাদেশ

ডিজিটাল উন্নয়নের নামে আ.লীগ ১৭ বছর ডিজিটাল চুরি চালিয়েছে: পার্থ

জেলা প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ এএম

ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে ডিজিটাল উন্নয়নের নামে দেশে ‘ডিজিটাল চুরি’ চালিয়েছে। উন্নয়নের কথা বলে তারা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দুর্নীতি ও লুটপাট করেছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগকে আমাদের হাতের ওপর রাখতে হবে। তারা যে যে ভুল করেছে, সেই ভুল যেন আমরা ভবিষ্যতে কখনো না করি। আওয়ামী লীগ যখন ক্ষমতার সম্রাজ্য চালিয়েছে, ঠিক তখনই তাদের পতন ঘটেছে। আমরা যদি কোনো দিন ক্ষমতায় যাই আর অন্যায় করি, তাহলে আমাদেরও একই পরিণতি হবে।

সমাবেশে তিনি বলেন, আপনারা আমাদের ভোট দিলে নিরাপদে ঘুমাতে পারবেন। আমরা ক্ষমতায় গেলে ভোলায় একটি মেডিকেল কলেজ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, উন্নত রাস্তাঘাটসহ প্রয়োজনীয় সব উন্নয়ন করবো। সরকারে গেলে রাজনৈতিক বা প্রশাসনিকভাবে আপনাদের ওপর কোনো অত্যাচার করা হবে না।

ভোট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, এখানে যারা জামায়াতে কাজ করে, যারা ইসলামী আন্দোলনে কাজ করে—সবাই মিলে আমরা একটি শান্তিপূর্ণ ভোলা গড়ে তুলবো। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।

ভোলাবাসীর উদ্দেশে আন্দালিব রহমান পার্থ বলেন, আপনাদের ভোটে যদি আমি সংসদে যেতে পারি, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমি যদি এমপি হওয়ার সুযোগ পাই, তাহলে দেশের অন্য সব এমপি-মন্ত্রীর চেয়ে ভোলার জন্য বেশি কাজ করবো।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, তরিকুল ইসলাম কায়েদ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহসহ বিএনপি ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি