জেলা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, মা বোনেরা ঝাঁটা ও পুরুষ লোকেরা ঈমান নিয়ে ভোটকেন্দ্রে যাবেন সকাল ৮টায়। সুষ্ঠুভাবে ভোট দেওয়ার পর বোঝা যাবে কার বিজয় নিশ্চিত হবে। মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনাদের কাছে যারা আইডি কার্ড, স্বাক্ষর ও ফোন নাম্বার নিয়েছে তাদের বাড়িতে গিয়ে ফেরত চাইবেন, না দিলে ৯৯৯-এ ফোন দিবেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদের এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আজকে যখন ধানের শীষের ব্যাপক জোয়ার তখন জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে ধানের শীষের জোয়ারকে নষ্ট করবে, সে চেষ্টা করছে। তারা আবার বলে, তাদের বিজয় নাকি সুনিশ্চিত। তাহলে কি ২০০৮ সালের ফরমেটে ভোট করবেন নাকি? গ্রামীণ ব্যাংকে চাকরি করতো সাব্বির, এখন প্রধান উপদেষ্টা ইউনুসের এপিএস। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা মাহবুব স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস। তারা কোন নীল নকশা করছেন?
সাবেক এমপি পাপিয়া বলেন, জেলা প্রশাসককে বলতে চাই, কিভাবে তারা বলে তাদের বিজয় সুনিশ্চিত? আমি তো বলতে পারি না, ৪-৫ বার এমপি নির্বাচিত হওয়ার পরেও। আল্লাহ যদি ভাগ্যে রাখে, জনগণ যদি ঠিকঠাক ভাবে ভোট দিতে পারে, তখন বুঝবো আমি জিতলাম। সুনিশ্চিত অনিশ্চিতের কোনো গ্যারান্টি নেই। ডিসি এসপি সাহেবকে বলতে চাই, কিভাবে তারা বলে বিজয় সুনিশ্চিত?
তিনি আরও বলেন, জামায়াতের লোকেরা বলেছে, আমি চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে ও নাটোরের একটি আসনে দলীয় মনোনয়ন চেয়েও পাইনি। আমি বলতে চাই, স্বামী হারুন এমপিকে নমিনেশন দেওয়ার কারণে আমাকে দেওয়া হয়নি। এবার দুটি আসনে চেয়েও পায়নি। বিএনপি কেন্দ্রের সিদ্ধান্ত এক পরিবারে দুজনকে মনোনয়ন দেওয়া হবে না। এনিয়ে জামায়াত কথা বলার কে? আমি যদি এখনো মনে করি স্বতন্ত্র হয়ে নাচোল-ভোলাহাটে স্বতন্ত্র ভোট করব, তাহলে বিজয়ী হব।
এসম তিনি উপস্থিত ভোটারদের প্রতি তার স্বামী ও চারবারের সাবেক এমপি হারুনুর রশীদকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন— বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। নির্বাচনী সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/টিবি