Dhaka Mail Logo

সারাদেশ / আবহাওয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা

জেলা প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম

উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। তবে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা ব্যবধান কমবে।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ ছিল। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫-৬ কিলোমিটার পর্যন্ত ছিলো।

এদিকে, কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য বেড়ে যাচ্ছে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। তবে উত্তরের হিমেল বাতাস আর হালকা কুয়াশার শীতের পরিধি বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে কনকনে শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘনকুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে কমতে থাকে ঠাণ্ডার অনুভূতি। তবে প্রতিদিন বিকেলের পর থেকে আবারও শুরু হয় শীতের অনুভূতি। রাত নামতেই প্রকৃতি হয়ে উঠছে আরও ঠান্ডা। 

অন্যদিকে, এ জেলায় হিমেল বাতাস আর কনকনে শীতের কারণে কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বহিঃবিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী কাশি, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। বিশেষ করে শিশু ও বেশি বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের বিভিন্ন কক্ষে স্থান সংকুলান না হওয়ায় মেঝে বা বারান্দায় স্থান নিয়েছেন অনেক রোগী।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের ও রাতের তাপমাত্রা পার্থক্য কিছুটা পরিবর্তন হচ্ছে।

প্রতিনিধি/টিবি