Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে হান্নান হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের দরিদ্র হান্নান খান (৬০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে বুড়িখালি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন-নিহত হান্নান খানের জন্মান্ধ ছেলে রহিদুল ইসলাম, আলামিন খান, আহমাইল খান, মিসকাত খান, মিন্টু খান ও আবেরন বেগমসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১০ দিন পার হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। প্রকাশ্যে আছেন তারা, উলটো আসামিপক্ষ নিজেরাই ঘরবাড়ি ভেঙে নাটক সাজিয়ে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে। এসময় দ্রুত আসামিদের গ্রেফতার দাবি করেন তারা।

আরও পড়ুন

শোবার ঘরে পড়ে ছিল মুক্তিযোদ্ধার গলাকাটা মরদেহ, রান্নাঘরে স্ত্রীর

প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানসহ ৪ জনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে ২৯ নভেম্বর ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেলে মারা যান হান্নান। এ ঘটনায় প্রতিপক্ষের আয়ুব মোল্যাসহ ২৩ জনের নামে মামলা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসাইন বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

প্রতিনিধি/এসএস