images

সারাদেশ

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ এএম

নরসিংদীর রায়পুরায় প্রান্তুষ সরকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্য করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রান্তুষ সরকার উপজেলার বাঁশগাড়ি গ্রামের সাধন সরকারের ছেলে এবং বাঁশগাড়ি বাজারে জুয়েলারি ব্যবসা করতেন।

নিহতের পরিবারিক সূত্রে জামা যায়, মঙ্গলবার রাতে বাড়িতে অবস্থান করার সময় কথা বলার জন্য দুইজন লোক তাকে ডেকে নিয়ে যায়। পরে তারা দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রান্তুষকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাবি হেনা রাণী সরকার বলেন, দুইজন লোক এসে আমার দেবরকে ডেকে নিয়ে স্কুল মাঠে যায়। এদের একজনের মুখ খোলা থাকলেও আরেকজনের মুখ বাঁধা ছিল। পরে আমিও কিছুক্ষণ পর দেবরের খোঁজে মাঠে যাই। যাওয়ার পরই তারা প্রান্তুষকে পিস্তল দিয়ে গুলি করে দৌড়ে পালিয়ে যায়। আমাদের কোনো শত্রু নেই। যারা ডেকে নিয়ে গেছে তাদেরও চিনি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

 

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে চাঁদার জন্য হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার রহস্য উদ্ধারে ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে কাজ করছি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি