জেলা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা চালিয়ে পিটিয়ে হাসমত উল্যাহ (৭২) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। হাসমতের দুই ভাতিজা তোফায়েল ও মোহনসহ তাদের ভাড়াটিয়া লোকজন তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজি বাড়িতে অভিযুক্তদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহতের পরিবারসহ স্বজনরা।
নিহতের পরিবারের অভিযোগ ও স্থানীয়রা জানায়, সোমবার (১ ডিসেম্বর) রাতে ভাড়াটিয়া লোকজন নিয়ে তোফায়েল ও মোহন তার চাচা হাসমতের ওপর হামলা করে। এসময় তাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় হাসমতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহতের পরিবারের লোকজন। পরে লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত হাসমত বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজি বাড়ির বাসিন্দা। অভিযুক্ত তোফায়েল ও মোহন একই বাড়ির আমানত উল্যার ছেলে।
নিহতের ছেলে মো. মাসুদ বলেন, একাধিকবার জমি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা শান্ত হয়নি। তারা পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালিয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।
ঘটনার পর থেকে তোফায়েল ও মোহন আত্মগোপনে রয়েছে। এজন্য চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় কেউ আটকও নেই। অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও জানা নেই।
প্রতিনিধি/এসএস