images

সারাদেশ

শেরপুরে ৮৮ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ এএম

শেরপুর সদরের দুইটি দোকান থেকে ৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুই ব্যবসায়ী থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব পলিথিন জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার তারাকান্দা বাজারে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন— জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। আদালতকে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতরের শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা। অভিযানে দুইটি দোকানের বিভিন্ন গোপন স্থানে রাখা কয়েকটি বস্তায় মোট ৮৮ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে নিষিদ্ধ পলিথিন মজুদ করার দায়ে ওই দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদফতরের শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় আজ শেরপুর সদর উপজেলার তারাকান্দা বাজারে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করে ৮৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সেই সাথে নিষিদ্ধ পণ্য মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করে তা আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি