বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

নড়াইলে আড়াই হাজার কেজি পলিথিন জব্দের পর ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

নড়াইলে আড়াই হাজার কেজি পলিথিন জব্দের পর ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযান

নড়াইল সদর উপজেলায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে ইমরান হোসেন (৩৭) নামের যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত জরিমানার পাশাপাশি পলিথিন জব্দ করে তা ধ্বংসের আদেশ দেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


বিজ্ঞাপন


অর্থদণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন উপজেলার সড়াতলা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বুড়িখালি ইট ভাটা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালায় নড়াইল সদর সেনা ক্যাম্প। অভিযোগ ছিল দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিল ইমরান হোসেন নামের এক ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন মজুদের কথা স্বীকার করেন ইমরান। অভিযানে দুই ঘর ভর্তি বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ও পরিবেশ অধিদফতরের একটি দল অভিযানে যোগ দেয়। জব্দ করা হয় প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। পরে জব্দ করা পলিথিন ধ্বংস করা হয়।

 


বিজ্ঞাপন


এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. বদিউজ্জামান বলেন, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিন ব্যবহার অনুপযোগী করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর