Dhaka Mail Logo

সারাদেশ

রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় অনুমতি ছাড়া রাস্তার পাশে থাকা সরকারি গাছ কাটার অভিযোগে মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভুঁইয়া সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার মাসক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল জলিল বাদী হয়ে থানায় এ মামলা করেন। এতে রেজাউল হাসান ভুঁইয়া সুমনের নাম উল্লেখসহ আরও তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর–দিঘলী সড়কের দিঘলী মোড় থেকে জিলু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ করছে এলজিইডি। এ কাজের ঠিকাদার বিএনপি নেতা রেজাউল হাসান ভুঁইয়া সুমন। গত মঙ্গলবার কোনো টেন্ডার বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই রাস্তার দুইপাশে থাকা ৩১টি মেহগনি গাছ কেটে নেন রেজাউল হাসান। মঙ্গলবার রাতে গাছগুলো গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। 

আরও পড়ুন

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

ঠিকাদার ও বিএনপি নেতা রেজাউল হাসান ভুঁইয়া সুমন সাংবাদিকদের জানিয়েছে, দ্রুত রাস্তা পাকা করার প্রয়োজনীয়তায় স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই গাছ কাটা হয়েছে। অফিসে আবেদন করলে দুই–আড়াই বছর লেগে যায়। রাস্তা নির্মাণের সময় থাকে এক বছর। তাই নিজ খরচে গাছ কেটে শিমুলতলা বাজারে স্তূপ করে রেখেছি। কর্তৃপক্ষকে জানানো হলে নিয়ম অনুযায়ী গাছগুলো বিক্রি করবে।

কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল-আমিন সরকার বলেন, গাছ কাটার আগে কর্তৃপক্ষকে অবগত করে নিয়ম মেনে কাজ করা প্রয়োজন ছিল।

ওসি মিজানুর রহমান বলেন, মামলার পর থেকে রেজাউল হাসানকে পাওয়া যাচ্ছে না। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস