সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালের চিকিৎসা সেবা থেকে আর্থিক লেনদেন পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই চরম অনিয়মের প্রমাণ মিলেছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই অভিযান চলে। এসময় খাবার সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসক উপস্থিতি ও রোগী সেবার ক্ষেত্রে অসংখ্য অভিযোগের সত্যতা পাওয়া যায়।

দুদক জানায়, রোগীদের জন্য বরাদ্দ একদিনে ১৭০ গ্রাম মাংসের পরিবর্তে সরবরাহ করা হচ্ছিল মাত্র ৭০ থেকে ৭৫ গ্রাম। বরাদ্দকৃত খাবার সরবরাহে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে বলে রোগীর স্বজনরাও অভিযোগ করেন। এছাড়া এক্সরে বিভাগের হিসাব-নিকাশও দুদকের সঙ্গে মেলেনি। এর আগে গণশুনানিতে অভিযোগ করা হয়েছিল যে সরকারি নির্ধারিত পাঁচ টাকার বদলে দশ টাকা ফি নেওয়া হচ্ছে, তারও সত্যতা পাওয়া যায়। ওয়ার্ডে ময়লা-আবর্জনা জমে থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতিও উঠে আসে। গুরুত্বপূর্ণ গাইনি ও মেডিসিন বিভাগসহ বিভিন্ন ইউনিটে চিকিৎসকরা কর্মঘণ্টায় চেম্বারে উপস্থিত ছিলেন না বলেও দুদক নিশ্চিত হয়।

যদিও সংশ্লিষ্ট চিকিৎসকরা দাবি করেন, তারা হাসপাতালেই রোগী দেখছিলেন। কিন্তু তারা উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হন। রোগী ও স্বজনদের দীর্ঘদিনের অভিযোগের সত্যতা মিলেছে এক্ষেত্রেও। হাসপাতালে সরকারি ওষুধ মজুদ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে কিনে আনতে বলা হয়। হাসপাতালের সক্ষমতা থাকা সত্ত্বেও রোগীদের পাশের কনসালটেন্ট ডায়াগনস্টিক সেন্টারে বেশি খরচে পরীক্ষা করানো হয়। দালাল চক্রের সক্রিয়তা ও রোগী হয়রানি নিয়ে পাওয়া অসংখ্য অভিযোগও সত্য বলে নিশ্চিত হয় দুদক।

দুদকের উপপরিচালক আরশেদ আলী বলেন, গণশুনানিতে পাওয়া অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক তদন্তে অধিকাংশ অভিযোগই সত্য বলে প্রমাণিত হয়েছে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুদকের এই অভিযান স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা ও অনিয়মের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর