জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম
পঞ্চগড়ে ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা। এতে করে ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। শীত ঘিরে নবান্নের আমেজও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। গতকাল বুধবার সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্য জানিয়েছে প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগার কার্যালয়।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার আবরণে ঢেকে আছে চারপাশ। কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও হিমশীতল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। সবুজ ঘাসের ডগায় টলমল করছে হিমেল শিশির। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দিনের তাপমাত্রা। এতে দিনভর গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই পরিবেশ হয়ে ওঠে শীতল। স্থানীয়রা গায়ে নিতে শুরু করেছেন লেপ ও কম্বল।
জানা যায়, ভৌগোলিক অবস্থানগত কারণে এ জেলার নিকটেই পৃথিবীর দুই সুউচ্চ পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। বরফে ঢাকা এ পর্বতযুগল থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীতকালে তাপমাত্রার পারদ নেমে যায়। ফলে এ অঞ্চলে বছরের গরমের তুলনায় শীতের আমেজ বেশি থাকে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার শীতও পড়ে আগে।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, প্রতিদিনই তাপমাত্রা কমছে। এতে শীতের মাত্রা বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয়েকদিন দিন ধরেই ১৬ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা কমছে এতে শীত বাড়তে শুরু করেছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
প্রতিনিধি/টিবি