জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া জংশন স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি চলছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পর্যন্ত চলবে এ অবরোধ। ফলে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে ছাড়লেও কুলাউড়ায় পৌঁছাতে পারেনি।
অপরদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও শমশেরনগর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সিলেটের মাইজগাঁও স্টেশনে আন্দোলন করছেন সাধারণ যাত্রীরা।
![]()
কর্মসূচিতে সাধারণ যাত্রী, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নিয়ে বক্তব্য দেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় একঘণ্টা বিলম্বেও কুলাউড়া স্টেশনে পৌঁছায়নি। অনুরূপভাবে ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনও আটকা পড়েছে শ্রীমঙ্গলে।
আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলাম জানান, ৮ দফা দাবিগুলো হলো, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার এবং ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ; আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সব বন্ধ স্টেশন চালুকরণ; কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দ করা আসন সংখ্যা বৃদ্ধি।
![]()
এছাড়া সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সব স্টেশনের যাত্রা বিরতি প্রত্যাহার, সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয়রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা। এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এদিকে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, কুলাউড়া থানার ওসি ওমর ফারুকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কুলাউড়া স্টেশনে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
প্রতিনিধি/এসএস