Dhaka Mail Logo

সারাদেশ

হত্যা করে লাশ মাটিচাপা, রংপুরের আসামি রোহিঙ্গা ক্যাম্পে গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পিএম

রংপুরের কাউনিয়া উপজেলার চাঞ্চল্যকর মোবারক আলী হত্যাকাণ্ডের মূলহোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫ ও র‌্যাব-১৩-এর যৌথ দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো. মইনুল ইসলাম ওরফে মমিনুল কাউনিয়া বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, গত ২৫ অক্টোবর রাতে মোবারক আলী কাউনিয়া থানার শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে মইনুল ইসলামের আবাদি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা মইনুল ধারালো দা দিয়ে মোবারক আলীকে কুপিয়ে হত্যা করেন। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে মইনুল নিজ বাড়ির রান্নাঘরের পেছনে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন এবং তার ওপর নতুন গাছ লাগিয়ে দেন।

আরও পড়ুন

নোয়াখালীতে চান্দা ডাকাত গ্রেফতার

তিনি আরও বলেন, মোবারক আলী বাড়ি না ফেরায় পরিবার অনেক খোঁজাখুঁজির পর কাউনিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন। পরবর্তীতে মইনুলের বাড়ির পেছনে নতুন আলগা মাটি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মাটি খুঁড়ে মোবারক আলীর মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং হত্যার পর ঘাতক মইনুল আত্মগোপনে চলে যান। এ ঘটনায় কাউনিয়া থানায় হত্যা মামলা করেন নিহতের মা।

তিনি বলেন, পরে র‌্যাব-১৩-এর তদন্ত দল জানতে পারে, হত্যাকাণ্ডের মূলহোতা মইনুল ইসলাম তার নিজ জেলা ছেড়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে আছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে র‌্যাব রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস