জেলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন৷
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অপহরণকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পাহাড়ের গহিন এলাকা থেকে নারী, শিশু ও পুরুষ মিলিয়ে ৪৪ জনকে উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মিয়ানমারে পাচারের উদ্দেশে আটকে রাখা হয়েছিল।
কোস্ট গার্ডের লে. কমান্ডার সিয়াম উল হক জানান, উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস