Dhaka Mail Logo

সারাদেশ

আশ্বিনের শীতল ছোঁয়ায় পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম

আশ্বিন মাসের শেষ প্রান্তে এসে শীতের হালকা ছোঁয়া টের পাওয়া যাচ্ছে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত কয়েক দিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় রাতের শেষ ভাগে এবং ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। 

তবে শনিবার (১১ অক্টোবর) সকালটা ছিল একটু ব্যতিক্রম এবং কুয়াশার সঙ্গে ছিল মৃদু ঠান্ডা হাওয়া, যা অনেকের কাছেই শীতের আগমনী বার্তা হিসেবে ধরা দিয়েছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে কমেনি শীতের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। 

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ঘুম ভাঙতেই জানালার ওপার থেকে ধোঁয়াটে কুয়াশার চাদর চোখে পড়েছে। অনেকেই কুয়াশাময় সকালের এই আবহাওয়া উপভোগ করতে বাইরে বের হয়েছেন। কেউ হাঁটতে, কেউ আবার চায়ের দোকানে বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে গল্পে মেতেছেন।

আরও পড়ুন: ‘যখনই নির্বাচন হোক, আমরা মানুষের আস্থা অর্জনে কাজ করব’

জেলার মানুষজন এখন থেকেই শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা ঠান্ডা থেকে সুরক্ষার জন্য হালকা গরম কাপড় পরতে শুরু করেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এটি এক ধরনের মৌসুমী পরিবর্তনের ইঙ্গিত। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এখন থেকে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে।

প্রতিনিধি/ এমইউ