জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
সুন্দরবনের গহিন অরণ্যে বাঘের তাড়া খেয়ে প্রায় সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নিয়েছে দু’টি প্রাপ্তবয়স্ক চিত্রল মায়া হরিণ। পরে বন বিভাগের তৎপরতায় অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে বন বিভাগ জানায়, বাঘের তাড়া খাওয়ার পর হরিণ দু’টি প্রাণ বাঁচাতে পশুর নদী সাঁতরে এসে গ্রামের জোড়া ব্রিজ এলাকায় আশ্রয় নেয়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনরক্ষীরা দ্রুত সেখানে পৌঁছে হরিণ দু’টি উদ্ধার করে।
![]()
করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির ঢাকা মেইলকে বলেন, সুন্দরবনের করমজল এলাকার গহিন অরণ্য থেকে দু’টি হরিণ বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে লোকালয়ে চলে আসে। স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করি এবং দুপুরে তাদের প্রজনন কেন্দ্রের বনে অবমুক্ত করি।
তিনি আরও জানান, উদ্ধার করা হরিণ দু’টি প্রাপ্তবয়স্ক ও সম্পূর্ণ সুস্থ রয়েছে। হরিণসহ অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসলে বন বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্ধার ও পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হয়।
প্রতিনিধি/এসএস