Dhaka Mail Logo

সারাদেশ

পেটের ভেতর ৩ হাজার ২২৮ পিস ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে কুষ্টিয়ার এক যুবককে আটক করেছে বিজিবি)। অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহনকালে তাকে আটক করা হয়। এসময় তার পেট থেকে ৩ হাজার ২২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক যুবক কুষ্টিয়ার মিরপুরের গৌড়দহ এলাকার তাহের মণ্ডলের ছেলে আশিক মণ্ডল।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দীন।

তিনি জানান, আগেরদিন বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করেন। এসময় লাল রঙের পালসার মোটরসাইকেলযোগে এক ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে তাকে আটক করা হয়। পরে তাকে স্থানীয় 'তাজমান ডায়াগনস্টিক সেন্টারে' নিয়ে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আরও পড়ুন

গাইবান্ধায় বাসে থাকা যুবকের স্কুলব্যাগে মিলল ৪ কেজি গাঁজা

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করে যে, কৌশলে ইয়াবা পেটের ভেতরে বহন করছিল। চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হলে তার শরীর থেকে লাল টেপে মোড়ানো ৬৫টি পোটলা বের হয়। যার ভেতরে মোট ৩ হাজার ২২৮ পিস ইয়াবা পাওয়া যায়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আসামির বরাতে আরও জানান, আসামি স্বীকার করে উখিয়ার পালংখালী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস