Dhaka Mail Logo

সারাদেশ

ভাঙ্গায় সাড়ে ১১ ঘণ্টা পর সড়ক-রেলপথ ছাড়ল আন্দোলনকারীরা

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

ফরিদপুরের সংসদীয় আসন ৪ থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় টানা তিন দিনের ঘোষণা দিয়ে সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে প্রথম দিনের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি শেষ হয় বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান।

তিনি জানান, সারাদিন ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশালের বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি গাছ-বাঁশ ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন।

WhatsApp_Image_2025-09-14_at_5.52.27_AM

ফরিদপুর-৪ সংসদীয় আসন- ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত। এবারের নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসের সময় ভাঙ্গা উপজেলার বড় দু’টি ইউনিয়নকে (আলগী ও হামিরদী) ফরিদপুর-২, সংসদীয় আসনের (নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত) সঙ্গে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। এ নিয়ে ভাঙ্গা উপজেলার মানুষ আন্দোলন শুরু করে।

মনির মোল্লা নামে এক আন্দোলনকারী বলেন, আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন অবরোধ করছি। এতে দূর-দূরান্ত থেকে আসা অনেক সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, যা আমরা কখনই চাই না। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বাস দিলে আমরা অবরোধ স্থগিত করতাম।

আরও পড়ুন

ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো ২ মহাসড়ক অবরোধ

এর আগে সকালে রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশিকাঁথা ট্রেন হামিরদী এলাকায় পৌঁছলে নারী ও পুরুষরা রেলপথে দাঁড়িয়ে যান। এসময় তারা বলতে থাকেন যে, ট্রেন যেতে হলে আমাদের বুকের ওপর দিয়ে যেতে হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বিলকিস বেগম নামের এক নারী বলেন বলেন, আমাদের স্বামী-সন্তানরা ভাত খেয়ে কুলি ফেলেন ভাঙ্গায়, সেই ভাঙ্গাকে আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করব।

thumbnail_1000256383

ভাঙ্গা জংশন স্টেশন মাস্টার সাকিব হোসেন বলেন, সকাল ৮টা ৩৫ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশিকাঁথা ভাঙ্গায় আটকে পড়েছে। ঢাকা থেকে খুলনা সুন্দরবন ও রূপসী বাংলা শিবচরে আটকা পড়েছে। অনেক যাত্রী স্বেচ্ছায় নেমে বিকল্প পথে চলে গেছে।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে আমরা আন্দোলনকারীদের যাত্রীদের হয়রানি না করতে বলেছি। না মানলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবেন সে মোতাবেক কাজ করা হবে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, বিকেলে অবরোধকারীদের সবগুলো স্থানে প্রশাসনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। কোর্ট এ রুলের শুনানি হওয়া পর্যন্ত আমরা অবরোধকারীদের ধৈর্য্য ধরার জন্য বলেছি। তবে সোমবার অবরোধ থেকে তারা বিরত থাকবেন কি-না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি। সোমবার মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রাখতে সব রকমের প্রস্তুতি রয়েছে।

প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান গ্রেফতার

thumbnail_1000256230

এদিকে শনিবার সংবাদ সম্মেলন করে ভাঙ্গায় টানা ৩দিনের অবরোধ ঘোষণা করা প্রধান সমন্বয়ক উপজেলা আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

এ বিষয়ে ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গত মধ্যরাতে ডিবি পুলিশ গ্রেফতার করেছে, বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিনিধি/এসএস