ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি শুরু হয়। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত ১
হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৬০ থেকে ৭০ জন এবং একই মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১২০ জন আন্দোলনকারী অবরোধ করেন। এ সময় তারা সড়কে বিক্ষোভ করতে থাকেন।
অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক লোকজন গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। পরে সকাল সাড়ে ৭টার পর ভাঙ্গা গোলচত্বরেও বিক্ষোভকারীরা অবস্থান নেন।
আরও পড়ুন: সাদুল্লাপুরে অটোবাইকের চাপায় শিশু নিহত
এর আগে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করে গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিনে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও হাইকোর্টে রিট করা হয়েছে।
এ বিষয়ে আন্দোলনকারীরা বলেন, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার বিষয়টি তারা কোনোভাবেই মানবেন না।
টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, ‘আজ ভোর থেকে দুই মহাসড়কেই কয়েকশ মানুষ বসে আছে। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত - রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ঢাকা মেইলকে বলেন, আন্দোলনকারীদের অবরোধ তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ তারা মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করেছেন।
প্রতিনিধি/ এমইউ




