জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২/১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কি হলো না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের রায় এক নয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা হলেই সবাই দেখতে পাবে দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বিএনপির নেতা দুলু বলেন, গত ১৭ বছর বাংলাদেশে সবচেয়ে বেশি জেল জুলুম গুম ও হত্যা সন্ত্রাসের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ কীভাবে বিএনপির সব রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে আওয়ামী লীগ বাড়ি ছাড়া করেছে, তার দুই ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করেছে। দেশের মানুষ এসব ভুলে যায়নি। আওয়ামী লীগের সব জুলুম নির্যাতন সহ্য করা দল বিএনপি আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় যাবে।
বিএনপি নেতা হাবিবুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম ও হাফিজুল ইসলাম হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল ও বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।
প্রতিনিধি/এসএস