জেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
নেত্রকোনার খালিয়াজুরীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় বাবুল শেখ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরপুর বোয়ালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্মগুরু আটক
অভিযুক্ত বাবুল শেখ উপজেলার নুরপুর বোয়ালী গ্রামের মৃত ওয়াহেদ শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি কয়েক দিন আগে তার মায়ের সঙ্গে নুরপুর বোয়ালী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার বিকেলে বিস্কুট ও চকোলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবুল শেখ তার ঘরে মেয়েটিকে নিয়ে যায়। পরে ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি চিৎকার শুরু করে। এরপর প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে।
আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে বাবুল শেখকে গ্রেফতার করে পুলিশ।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ