জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম
দেশের চলমান পরিস্থিতিতে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে ৪ শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে। এসময় ট্র্যাফিক আইন লঙ্ঘন করার ৩২ মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চেকপোস্টে তল্লাশির সময় এসব জরিমানা আদায় করা হয়।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট এলাকায় যৌথ বাহিনী চেক পোস্ট বসিয়ে ১০৯ যানবাহনে তল্লাশি করে।
এসময় লাইসেন্স বিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে ২০০ যানবাহনে তল্লাশি করে ১৩ মামলায় ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে ১০৩ যানবাহনে তল্লাশি করা হয়। এসময় ১০ মামলায় জরিমানা করা হয় ১৮ হাজার টাকা।
লেফটেন্যান্ট মনজুরুল হাসান খান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইন পরিপন্থি সব অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস