images

সারাদেশ

বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক ব্যক্তি আটক

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম

স্বাস্থ্যখাতের তিন দফা সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান শেষে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান গিয়ে আটক হয়েছেন সরোয়ার তালুকদার নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটেছে।

তবে আটক সরোয়ার বলেন, তিনি আওয়ামী লীগের কেউ না। বক্তব্য দিতে গিয়ে ভুলে বলে ফেলেছেন। এজন্য ক্ষমাও চেয়েছেন।

আন্দোলনকারী তামিম বলেন, সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের কথাও বলেছেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।

আরও পড়ুন

অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

আরেকজন কর্মী বলেন, তিনি আওয়ামী লীগের কোনো পদধারী কি-না জানি না। তবে তিনি আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা ওই ব্যক্তির পরিচয় যাচাই করছি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

প্রতিনিধি/এসএস