Dhaka Mail Logo

সারাদেশ

দক্ষিণ আফ্রিকায় মাইক্রোবাস উল্টে ফেনীর যুবক নিহত

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম

জীবিকার অন্বেষণে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক একরামুল হকের (৩৪)। তিনি ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামের মজিবুল হকের ছেলে।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই শহিদ উল্লাহ।

পারিবারিক সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকায় শনিবার রাতে পৌঁছান একরামুল। রোববার আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে ১৯ বাংলাদেশি একটি মাইক্রোবাসে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে নোয়াখালীর বেগমগঞ্জের নুরুল আমিন ও মানিকগঞ্জ জেলার নাঈম আহমেদ নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় একরামুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

রেলওয়ে কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

নিহত একরামুল হক ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। ব্যক্তিগত জীবনে তার তিন বছরের একটি মেয়ে ও চার মাসের একটি ছেলে রয়েছে।

নিহতের চাচাতো ভাই শহিদ উল্লাহ জানান, রাতে মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার মা পেয়ারা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। বৃদ্ধ বাবা ছেলের শোকে বাকরুদ্ধ। একরামের লাশ দেশে আনার ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ চলছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দাগনভূঞার যুবক নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি।

প্রতিনিধি/এসএস