নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টারের তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মুন্সিপাড়া এলাকার শহীদ মোস্তফা লেনের জাহিদুলের কোয়ার্টার থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রেলের ওই কোয়ার্টারটি দীর্ঘদিন ধরে চটপটি বিক্রেতা জাহিদুল ইসলামের দখলে ছিল। তিনি গত দশ বছরের বেশি সময় ধরে পরিবারসহ সেখানে বসবাস করছিলেন। তবে প্রায় তিন মাস আগে থেকে জাহিদুল একাই থাকতেন, কারণ তার স্ত্রী চট্টগ্রামে ছেলের বাড়িতে বেড়াতে গিয়েছেন।
গত রোববার সকালে বাড়ির দরজা তালা মেরে বাইরে যান জাহিদুল ইসলাম। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। আজ সকালে বাইরে থেকে সেলিনা বেগম নামে এক প্রতিবেশীকে ফোন করে লাশটির কথা জানিয়ে দাফনের অনুরোধ করেন তিনি। এ কথা বলে জাহিদুল কল কেটে দেন। এর পরপরই সেলিনার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, জাহিদুল ইসলামের বাবা মৃত জামাল উদ্দিন। তার গ্রামের বাড়ি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব চাপড়ায়।
ওসি আরও বলেন, লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস




