জেলা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম
ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাশাবাড়ি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে নগরকান্দার বাশাবাড়ি এলাকায় কুষ্টিয়া থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হন। এছাড়া আহত হন ওই বাসে থাকা আরও অন্তত ৩০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়।
আরও পড়ুন: অবৈধ ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর
তিনি বলেন, ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে।
এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দু’পাশের সড়কে যানজট সৃষ্টি হলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিনিধি/ এমইউ