Dhaka Mail Logo

সারাদেশ

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১১

জেলা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম

রাজবাড়ী জেলার কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু শেখ (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস চালক বাচ্চু শেখ গোল্ডেন লাইন পরিবহনের ড্রাইভার। তিনি ফরিদপুর জেলার মোনছের শেখের ছেলে।

আহতরা যাত্রীরা হলেন, সুমি (৪০), হারুন (৫০), জান্নাতুল (৩৮), শামীম রেজা (৩৯), আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫), হারুন (৩০) ও নিয়ামত (৫৫)।

তাৎক্ষণিকভাবে তাদের কারোরই বিস্তারিত ঠিকানা জানা যায়নি। এছাড়া হানিফ পরিবহনের আহত চালকের নাম জানা যায়নি।

thumbnail_InShot_20250112_114608493

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল। এছাড়া হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে গড়িয়ানা এলাকায় এলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই চালক গুরুতর আহত হন এবং নিজেদের সিটে আটকে যান। এছাড়া আহত হন দুই বাসের অন্তত ১০/১৫ জন যাত্রী।

স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে সিটে আটকে থাকা দুই বাসের চালকদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গোল্ডেন লাইনের চালককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ট্রাকের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন জানান, গোল্ডেন লাইন পরিবহনের চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হানিফ পরিবহনের চালক সদর হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর অবস্থায় আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

প্রতিনিধি/এসএস