Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরে বাসচাপায় এনজিও কর্মী নিহত

জেলা প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকাগামী (কোচ) হানিফ এন্টারপ্রাইজ গাড়ির চাপায় দেলওয়ার হোসেন (৪৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। 

বুধবার (৮ জানুয়ারি) উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পার্বতিপুর উপজেলার মন্ডল পাড়া গ্রামের মৃত তানিম উদ্দিন আহম্মেদ এর ছেলে। তিনি বেসরকারি এনজিও আশা ফুলবাড়ী বারাইহাট ব্রাঞ্চের সিনিয়র লোন অফিসার ছিলেন।  

ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দিকে এনজিও কর্মী দেলওয়ার হোসেন ফুলবাড়ী থেকে মোটরসাইকেল যোগে বারাইহাট বাজারে যাওয়ার পথে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারাইহাট সংলগ্ন এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ ইন্টার প্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮-০৪) যাত্রীবাহী বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের তোপের মুখে পড়ে দিকবেদিক না পেয়ে কাছেই একটি পেট্রোল পাম্পে বাসটি রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এসময় ওই এনজিও কর্মী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক দেলওয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন করেছেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি সড়ক আইনে মামলা করা হয়েছে। চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এজে