images

সারাদেশ

রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

০৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনার পর প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়েছেন আহত আবু হানিফের (২৮) স্বজনরা। 

শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁওয়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চাঁদার দাবিতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গুলি, গ্রেফতার ১

আহত আবু হানিফ একই ইউনিয়নের লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে পাশের গ্রামের শাহিন মিয়ার পরিবারের সঙ্গে হানিফের বিরোধ চলছে। এ নিয়ে শনিবার রাত সাড়ে ৭টার দিকে হানিফের সঙ্গে পাড়াগাঁওয়ে শাহিনের বাগবিতণ্ডা হয়। এর জেরে শাহিন লোকজন নিয়ে হানিফের ওপর হামলা চালায়। তখন এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন হানিফ। তার চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আবু হানিফকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: ফরিদপুরে পেঁয়াজের জমিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার 

এদিকে এ ঘটনার জেরে হানিফের স্বজনরা ক্ষিপ্ত হয়ে শাহিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জের এএসপি (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আবু হানিফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা শাহিনের বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ