জেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পিএম
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (৯ অক্টোবর) বিকেল সদর উপজেলার কচুকাটা ব্রিজ ও দুপুরে ডোমারের জালালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৬৫) ও দিনাজপুর বিরামপুর কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম। বাকী নিহত দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে নিহত দেলোয়ার হোসেন সদরের কচুকাটা ব্রিজ পার হচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে স্বামীসহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম। ডোমারের জালালের মোড় নামক স্থানে পৌঁছালে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে তিনি ও তার স্বামী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রোজিনা বেগমকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পরে তার স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যায়।
প্রতিনিধি/এসএস