Dhaka Mail Logo

সারাদেশ

সংরক্ষিত আসনের সাবেক এমপি শিউলী আজাদ ৮ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক স্বাগত সাম্য এই রিমান্ড মঞ্জুর করেন। 

আরও পড়ুন: সাবেক এএসপির বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক রহমান খান পাঠান ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে সরাইল বিশ্বরোড মোড় এলাকায় নিহত লিটনের পক্ষে মাওলানা সুলতান উদ্দিন এমপি শিউলী আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত ২০০/৩০০ জনের নামে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার (৬ অক্টোবর) রাতে ঢাকা নিকেতনের বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক স্বাগত সাম্য তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের একটি হত্যা মামলায় পুলিশ তাকে আটক করে। আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করে। তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনের সময় গুলিতে সরাইলের কাঁটানিসার গ্রামের লিটন মিয়া নিহত হন। এই ঘটনায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাওলানা সুলতান উদ্দিন ৬৭ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রতিনিধি/ এমইউ